ফুটপাতে স্বস্তির শরবতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Friday, March 30, 2018

ফুটপাতে স্বস্তির শরবতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ


 আমার বাঁশখালী,নেট প্রতিবেদক.মোঃ রোবেল.

তীব্র গরমে ফুটপাতের খোলা শরবত খেয়ে স্বস্তির বদলে জনমানুষের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। অনেকেই আক্রান্ত হচ্ছেন বিভিন্ন ধরনের রোগে। ফুটপাতের ভাসমান দোকান থেকে সবাই একই গ্লাসে করে শরবত খান। বিক্রেতারা অপরিচ্ছন্ন পাত্রে পানির সাথে বরফ মেশায়। মিশানো বরফ বেশির ভাগ ক্ষেত্রেই বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা হয় না। আবার শরবত তৈরির সময় চিনির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর ঘনচিনি ও স্যাকারিন।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, ফুটপাতের খোলা শরবত পানে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি রয়েছে। যেখানে সেখানে শরবত পানে কিডনি বিকল, পানিবাহিত রোগ, গ্যাস্ট্রিক, হেপাটাইটিস বি-ভাইরাস, লিভারের জটিলতা, পাকস্থলীতে প্রদাহ, খাদ্যনালিতে সমস্যা, পেপটিক আলসারসহ মারাত্মক জটিল রোগে আক্রান্ত হতে পারেন। আর ডায়রিয়ার মতো পানিবাহিত রোগের অন্যতম কারণ জীবানুযুক্ত পানি। বিশেষ করে বরফমিশ্রিত শরবত এ জন্য বিশেষভাবে দায়ী। স্বস্তি পেতে কর্মজীবী মানুষ নিজেই ডেকে আনছেন বিভিন্ন রোগ।
ফুটপাতের খোলা শরবত না খাওয়ার বিষয়ে চিকিৎসকদের পরামর্শ হলো, বাইরের খোলা খাবার, অনিরাপদ পানি, রাস্তার দোকানের শরবত, আখের রস ইত্যাদি এড়িয়ে চলা। বাইরে বের হবার সময় বাসা থেকে বিশুদ্ধ খাবার পানি কাঁচের বোতলে বহন করা। খাবার পানি ভালো করে ফুটিয়ে তারপর ঠান্ডা করে পরিষ্কার পাত্রে সংরক্ষণ করা। ফুটানো পানি দুই দিনের মধ্যে পান না করা হলে ফেলে দেওয়া।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরীর নতুনব্রিজ এলাকা, রাহাত্তারপুল, চকবাজার, বহদ্দারহাট, কোতয়ালী মোড়, নিউমার্কেট এলাকা, অক্সিজেন মোড়, ফিরিঙ্গীবাজার, জিসি মোড়, আগ্রাবাদ এলাকা, ২নং গেট, চৌমহনীসহ বিভিন্ন জায়গায় ফুটপাতের খোলা জায়গায় শরবত বিক্রি হচ্ছে। রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও পানি পান করে ডায়েরিয়াসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। গরমে হাতের কাছে অপেক্ষাকৃত কমমূল্যে এসব খাবার ও পানীয় পেয়ে অনেকেই আগ্রহ নিয়ে খাচ্ছেন। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় বিক্রি শরবতে বসছে মাছি, পড়ছে ধুলা-বালু। ফলে সহজেই জীবাণু আক্রান্ত হচ্ছেন শরবত পানকারীরা।
নগরীর বহদ্দারহাট মোড়ে সুমন নামে এক বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, এক গ্লাস শরবত ১০ টাকা করে বিক্রি করা হয়। পানির সাথে বরফ মিশানোর জন্য খতিবের হাট এলাকায় মায়া আইসক্রিম ফ্যাক্টরি থেকে এক টুকরা বরফ ৮০ টাকা দিয়ে কিনে আনেন। আবার বহদ্দার বাজার থেকেও বরফ কেনার কথা জানান তিনি। এছাড়া নগরীর ভাসমান শরবতের দোকানগুলোতে সাধারণত পেঁপের রস, লেবু, ইসবগুলের ভুসি দিয়ে তৈরি শরবত, আখের রস, আইসক্রিম, আপেল ও আনারসের কুচির সাথে বরফ মিশিয়ে ফলের শরবত, বেলের শরবতসহ বিভিন্ন ধরনের লোভনীয় শরবত বিক্রি করতে দেখা যায়। এসব দোকানে অস্বাস্থ্যকরভাবে তরমুজ, আনারস ও বাঙ্গির টুকরা বিক্রি হতে দেখা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, এসব শরবতে বরফের সাথে চিনির নামে নিষিদ্ধ কেমিক্যাল, স্যাকারিন এবং ফিল্টার পানির পরিবর্তে ট্যাপের পানি ব্যবহার করা হচ্ছে। এই রস খেয়ে অনেকেই নানা রকম অসুখ-বিসুখে আক্রান্ত হচ্ছে। তৃষ্ণা মেটানোর শরবতে ব্যবহৃত বরফ নিয়ে প্রশ্ন উঠছে বরাবর। কেউ দাবি করছে শরবতে ব্যবহৃত বরফগুলো মাছের জন্য প্রযোজ্য। আবার কেউ বলছে শরবতে মাছের বরফ নয়। মর্গে ব্যবহৃত বরফ শরবতে ব্যবহার হচ্ছে। প্রাণ জুড়ানে শরবতে যে বরফ ব্যবহার হচ্ছে সেটি কি আধোও পরিষ্কার জীবানুমুক্ত পানি দিয়ে বানানো? তা নিয়ে প্রশ্ন রয়েছে।
গরমে ফুটপাতের খোলা শরবত খেলে কি ধরনের সমস্যা হতে পারে জানতে চাইলে সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, পেটের অসুখ, পেট ব্যথা, পেট ফাঁপা, আমাশয়, কলেরা, ঢেকোর ওঠা, বমি ও বমি ভাব, মাথা ঘুরানো, অস্বস্তি, অস্থিরতা এবং অজ্ঞান হওয়ার মত কারণ হতে পারে। আর অস্বাস্থ্যকর পানি পেটে যাওয়ার কারণে কিডনি ও লিভার নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া মুখে, গলায়, পেটে, অন্ত্রে ঘা (আলসার), রক্ত আমাশয় এবং চর্ম রোগ হতে পারে।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন