আমার বাঁশখালী ডেক্স:
যাত্রীদের জন্য স্বয়ংক্রিয়
বাস চালু করেছে জার্মান রেল কোম্পানি ‘ডয়চে বান’৷ তবে জরুরি পরিস্থিতি
সামাল দিতে একজন মানুষ ওই বাসের নিয়ন্ত্রণ নিতে পারে৷ ইজেড১০ নামের ছোট্ট
এই বাসে ছয় জনের বসার আসন আছে৷ দাঁড়ানো অবস্থায় আরও ছয় জন যাত্রী বাসটিতে
উঠতে পারবেন৷
গতকাল বুধবার বাভারিয়া রাজ্যের পর্যটন
এলাকা বাড বির্নবাখের আট কিলোমিটার রাস্তায় চলেছে এ বাস৷ প্রথম যাত্রায়
যাত্রী হিসেবে ছিলেন ডয়চে বান-এর প্রধান নির্বাহী রিচার্ড লুৎস৷
বাড বির্নবাখের বিভিন্ন স্পা থেকে যাত্রী
নিয়ে বাসটি শহরের কেন্দ্র হয়ে রেল স্টেশনে পৌঁছবে৷ যাত্রীরা বিনামূল্যে এই
সেবা গ্রহণ করতে পারবেন৷ ভবিষ্যতে জার্মানির অন্যান্য শহরেও এই ধরণের বাস
চালুর পরিকল্পনা করছে ডয়চে বান৷ আগামী বছর হামবুর্গে তা শুরু হতে পারে৷
এছাড়া ভবিষ্যতে প্রাইভেট কার সার্ভিস হিসেবেও এই বাস চলতে পারে৷ অর্থাৎ
রেলের কোনো যাত্রী আগে থেকে বুকিং দিলে এই বাস তাঁকে বাড়ি থেকে স্টেশনে
পৌঁছে দেবে৷ প্রাথমিক পর্যায়ে বাসটি ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে চলবে৷
ভবিষ্যতে বিদ্যুৎচালিত পরিবহণের মাধ্যমে
যাত্রীসেবা দেয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে জার্মান রেল কোম্পানি ডয়চে বান
‘লকি’ নামের একটি সাবসিডিয়ারি সংস্থা প্রতিষ্ঠা করছে৷
চালকবিহীন বাস ইজেড১০ তৈরি করেছে ফরাসি
স্টার্টআপ ‘ইজিমাইল’৷ সেন্সর থাকার কারণে এই বাস যাত্রাপথে কোনও বাধা পেলে
ব্রেক কষতে পারে৷ তাছাড়া জরুরি পরিস্থিতিতে, যেমন চলার পথে কেউ ভুল করে
গাড়ি পার্ক করে রাখলে, একজন চালক জয়স্টিক দিয়ে ইজেড১০-এর নিয়ন্ত্রণ নিতে
পারবেন৷ জার্মানি ছাড়াও ইজেড১০ বাসটি সুইজারল্যান্ড, তাইওয়ান,
অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশের বিভিন্ন শহরে সীমিত পরিসরে চলাচল করছে৷
সূত্র: ডয়চে ভেলে




No comments:
Post a Comment