বিশ্বকাপের আসর বসা রাশিয়ার সবকটি স্টেডিয়ামই সেজেছে নিজস্ব ঢংয়ে। ১২টি স্টেডিয়ামে হচ্ছে মহাযজ্ঞ। কাজান অ্যারেনা তার একটি। এ মাঠটি ফুটবল উন্মাদনা আর হাসি-কান্নার সাক্ষী হচ্ছে যেন একটু বেশি করেই। ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির মতো জায়ান্ট সব দলের তারকা খেলোয়াড়দের চোখের পানি ঝরছে কাজানেই।
শুক্রবার রাতে কাজান অ্যারেনায় বেলজিয়ামের বিপক্ষে ১-২ গোলে হেরে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেছে ব্রাজিলের ষষ্ঠ শিরোপার মিশন। ১৯৮৬ বিশ্বকাপের পর প্রথমবার সেমিতে পা রাখা বেলজিয়াম দল যখন উল্লাসে মত্ত, ব্রাজিল খেলোয়াড়রা তখন জার্সি টেনে নিচ্ছেন চোখ মুছতে!
গত কিছুদিনের ব্যবধানে ঠিক একই দৃশ্য ধরা দিয়েছে আর্জেন্টিনা-জার্মানির খেলোয়াড়ের ক্ষেত্রেও। মেসি-মুলারদেরও বেদনার স্মৃতি দিয়েছে এই কাজানই! যেন বড় দলগুলোর জন্য ঝুলিতে কিছু রাখেনি ভেন্যুটি!
গ্রুপপর্বে যখন অবধারিত জয়ের ম্যাচ গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির, তখন সাউথ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে বাড়ির পথ ধরে মুলারদের দল। আর শেষ ষোলোতে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে মেসিদের আর্জেন্টিনারও স্বপ্নচাকা থেমেছে এই কাজানেই।
শিরোপা প্রত্যাশী পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও সেখানেই অপেক্ষা বাড়াল আরেকটি শিরোপার। ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির পরিণতি যেখানে একসূত্রে গাঁথা, সেই কাজানকে তো ভুলতেই চাইবেন সমর্থকরা, হয়ত দলগুলোও। আমার বাঁশখালী ডেস্ক রিপোর্ট।




No comments:
Post a Comment